বিভিন্ন স্থানে কৃষকসহ চারজন খুন, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ, মাদারীপুর, কুষ্টিয়া ও খুলনায় গত দুই দিনে এক কৃষকসহ চারজন খুন হয়েছেন। এসব ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের কৃষ্ণপুর গ্রামে শহিদুল ইসলাম (৩০) নামের এক কৃষককে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার পর তাঁর লাশ পায়খানার ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। গতকাল রোববার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন: কৃষ্ণপুর গ্রামের কর্ণ বিশ্বাস ও তাঁর স্ত্রী রেবা রানী। ঘটনার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত একজনের বাড়ি ভাঙচুর করেছেন। শহিদুল ইসলামের শ্যালক হোসেন আলী জানান, গত বৃহস্পতিবার রাত নয়টার পর তাঁর ভগ্নিপতি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রোববার সকালে খবর পান, কর্ণ বিশ্বাসের বাড়ির পাশে একটি পায়খানার ট্যাংকের ভেতরে তাঁর লাশ পাওয়া গেছে।শিবচর (মাদারীপুর): গ্রাম্য রাস্তার মাটি কাটা নিয়ে শিবচরের ভদ্রাসনে ধারালো অস্ত্রের আঘাতে ফজলু আকন (৫২) নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ছেলে আবু ও খোকন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওহেদ আকন, জিয়াসমিন ও তানিয়া নামের তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে ভদ্রাসন ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে রাস্তার মাটি কাটা নিয়ে ফজলু আকন ও বাদশা আকনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা আকন ও তাঁর পরিবারের সদস্যরা ফজলু আকনের (৫৫) ওপর হামলা চালান। আশঙ্কাজনক অবস্থায় ফজলুকে শিবচর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।কুষ্টিয়া: গতকাল সকাল সাতটার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট হাইস্কুলের পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন জানায়, শনিবার রাত আটটার দিকে আলম নামের ওই ব্যক্তি স্থানীয় বাঁশগ্রাম বাজার থেকে নিজ বাড়ি শানপুকুরিয়ায় ফিরছিলেন। পথে বাগুলাট হাইস্কুলের পাশে কোনো একসময় তাঁকে মেরে ফেলা হয়।কৃষিশ্রমিক আলম কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের মৃত খয়বার শেখের ছেলে।খুলনা: খুলনার রূপসা উপজেলার হাজী ইসমাইল রোডের বাসিন্দা ফরিদ আহমেদের স্ত্রী রোখসানা বেগম গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রোববার তাঁর লাশ নদীতে ভাসছে—এ খবর পায় পুলিশ। পরে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।