বিভিন্ন স্থানে খুদে শিক্ষার্থীদের 'স্টুডেন্ট কাউন্সিল' অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং-পেনসিল দিয়ে পোস্টার তৈরি করে টানানো হয়েছে বিদ্যালয় চত্বরে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। কোনো শিশু আবার পালন করছে পুলিশ-বিজিবি-র্যা বের ভূমিকা। ছিল নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা। শুধু তাই না, দেশি-বিদেশি সাংবাদিকও সেজেছিল ছোট মানুষগুলো।
রাজশাহীর পবা ও পাবনার ঈশ্বরদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকাল বৃহস্পতিবার সকালের দৃশ্য ছিল এমনই। গতকাল এসব বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা।
পবা উপজেলার ভালাম ভবানীপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকতুল্লা জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ নির্বাচনের মতোই প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের কাছে ভোট চেয়েছে। এই বিদ্যালয়ে মোট ভোটার ছিল ২৬০ জন। ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়।
জেলার বাঘা উপজেলার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সূচনা সরকার বলে, ‘আব্বু-আম্মুকে ভোট দিতে দেখেছি, কিন্তু আমরা ভোট দিতে পারি না। এবার আমরাও ভোট দিলাম।’
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ১ হাজার ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর আখতার জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি তৈরিতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
এদিকে ঈশ্বরদীর ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত।
পৌর এলাকার স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঁড়া ইউনিয়নের আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে নির্বাচন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেছে।