রাজধানী ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার জের ধরে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকী ব্রিজে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি বাস ভাঙচুর করা হয়। এতে বাসটির পাঁচজন যাত্রী আহত হন। পরে বাইপাসের পুরোনো বগুড়া রেলগেট এলাকায় বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় বাইপাসের দুই ধারে অসংখ্য যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও রেল বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে এক ঘণ্টা পর রেলগেট খুলে দেওয়া হয়।এ ছাড়া শহরের চারমাথায় আধঘণ্টার মতো সড়ক অবরোধ করা হয়। বগুড়া-সান্তাহার সড়কের এরুলিয়ায় ভাঙচুর করা হয় আরও একটি বাস।সিরাজগঞ্জ: বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ঝাঐল ওভারব্রিজের কাছে গিয়ে যানবাহন ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেওয়া হয় জয়পুরহাট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচে। এ সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গ ও ঢাকামুখী শত শত যান ওই সড়কে আটকা পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কোচ থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আওয়ালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।বরিশাল: আওয়ামী লীগের নগর কার্যালয়ের সামনে কয়েকজন যুবক একটি প্রাডো গাড়ি ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় সেখানে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে, নগরের লঞ্চঘাট ও বগুড়া রোড এলাকায় দুটি অটোবাইকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সদর রোড এলাকায় ভাঙচুর করা হয় আরেকটি অটোবাইক। এর আগে জেলা ও মহানগর বিএনপি নগরে বিক্ষোভ মিছিল করে।ময়মনসিংহ: ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাকে বহনকারী আটটি গাড়ির বহর ভালুকা মডেল থানার পুলিশ আটকে দেয়। পরে মুক্তিযোদ্ধারা ভালুকায় প্রতিবাদ সভা করেন।এদিকে, জেলা বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বিকেলে বিক্ষোভ মিছিল বের করলে শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ তাতে বাধা দেয়। ফরিদপুর: ছাত্রদল ও যুবদলের কর্মীরা ফরিদপুর শহরের মুজিব সড়কে একটি ট্রাক ও তিনটি অটোবাইক ভাঙচুর করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে তাঁরা পাশের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের গলিতে আরও একটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যান। রাতে একই গলিতে একটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। রাজশাহী: মহানগর ছাত্রদল রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও ভুবনমোহন পার্কে প্রতিবাদ সভা করে। সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার কারণে তা পণ্ড হয়ে যায়। পরে বিকেলে নগরের শাহমখদুম থানা এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।