বিভিন্ন স্থানে গ্রাম পুলিশের মানববন্ধন
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমান বেতন স্কেল ও পুলিশের মতো রেশনের দাবিতে গ্রাম পুলিশ সদস্যরা গতকাল সোমবার ঝিনাইদহ, নীলফামারী, গোপালগঞ্জ ও জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপিও দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সদস্যরা আধা ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন শওকত আলী ও আনিছুর রহমান। মানববন্ধনে জেলার তিন শতাধিক গ্রামপুলিশ অংশ নেন। নীলফামারী: গ্রাম পুলিশ সদস্যরা সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গোলচত্বরে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসক জিল্লুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। গোপালগঞ্জ: গ্রাম পুলিশ সদস্যরা দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জয়পুরহাট: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।