বিভিন্ন স্থানে চার খুন দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে গত রোববার এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরচালক ও সাতক্ষীরার কালীগঞ্জে মাছ ব্যবসায়ী খুন হন। শনিবার নড়াইলের কালিয়ায় এক গৃহবধূর এবং ফরিদপুরের নগরকান্দায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:যশোর: মনিরামপুর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা কৃষক রফিকুল ইসলামকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় সাহাপুর গ্রামের একটি বাগানে তাঁকে হত্যা করা হয়। গতকাল সকালে মনিরামপুর থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।ঝিনাইদহ: কালীগঞ্জের ফুলবাড়ী গ্রামের শাহাজাহান আলীর ছেলে রাকিব উদ্দিনকে (২৮) গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক। রোববার রাতে হাশিলপুর গ্রামের একটি কলাখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের নূর হোসেনকে (২৭) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত নূর হোসেনের ভাই অলিউর রহমান জানান, ব্যবসাসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। নড়াইল: কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রামে স্বামীর বাড়ি থেকে নাজমা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামীর নাম জাহাঙ্গীর। নাজমার ভাই কামরুজ্জামান অভিযোগ করেন, যৌতুক দাবি করায় গত শুক্রবার রাতে জাহাঙ্গীর ও নাজমার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমাকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।ফরিদপুর: নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুরু গাজীর ছেলে মো. সোহাগের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নগরকান্দা থানার ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, এ ব্যাপারে সোহাগের বাবা থানায় একটি এজাহার দিয়েছেন।