বিভিন্ন স্থানে চারজন খুন
নীলফামারী, সাতক্ষীরার তালা, বরিশালের মুলাদী ও টাঙ্গাইলে চারজন খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: নীলফামারী পৌর এলাকার কুখাপাড়া শান্তিনগর গ্রামের আমীর আলীর ছেলে নুর আলমের স্ত্রী ফাতেমা বেগম ও আরেক ছেলে নুরুজ্জামানের স্ত্রী সামছুন্নাহার ওরফে ময়নার মধ্যে কয়েক দিন ধরে বচসা চলছিল। গতকাল শুক্রবার সকালে নুর আলম সামছুন্নাহারকে ফাতেমার কাছে এ ব্যাপারে ক্ষমা চাইতে বললে সামছুন্নাহার টিফিন ক্যারিয়ার দিয়ে নুর আলমের মাথায় আঘাত করেন। পরে নুরুজ্জামান ঘটনাস্থলে এসে তাঁর হাতে থাকা একটি তালা দিয়ে নুর আলমের (৩৫) মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। নীলফামারী হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে নুর আলম মারা যান।সাতক্ষীরা: গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ঘোনা দক্ষিণপাড়ায় রোকনউদ্দিন শেখের বাড়িতে ঢুকে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারলে রোকনকে বিরোধপূর্ণ জমি তাঁর চাচাতো ভাইদের ছেড়ে দেওয়ার জন্য তারা হুমকি দেয়। এতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন (২৭) বাধা দিলে তাঁকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় নিজেদের পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে পরিচয় দেয়।গৌরনদী (বরিশাল): মুলাদী উপজেলার সাহেবেরচর মড়াখাল নামক স্থানের একটি আখখেত থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ফাতেমা আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ফাতেমা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে। ৯ এপ্রিল সে নিখোঁজ হয়।টাঙ্গাইল: টাঙ্গাইলে দুলাল হোসেন (২৬) নামের এক যুবকের জবাই করা লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মাজম আলীর ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতেন। টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, দুলাল গত মঙ্গলবার ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির পাশের বিলের কাছে যান। কিন্তু রাত ১০টা পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর মা ও স্ত্রী খুঁজতে গিয়ে বিলের কাছে জবাই করা অবস্থায় তাঁর লাশ দেখতে পান।