বিভিন্ন স্থানে চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট, পটুয়াখালীর মির্জাগঞ্জ, গোপালগঞ্জ ও সাতক্ষীরায় চারজন খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে হাফিজার রহমান (৪৫) নামে এক ভ্যানচালককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তাঁর ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার রাইকালী এলাকার একটি বোরো খেত থেকে গতকাল সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার নুরনগর গ্রামে। ভ্যান ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া কলাগাছিয়া গ্রামে মাসুদ খান (৩৬) নামে এক যুবককে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে ওই এলাকার নদী থেকে মাসুদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, জমি নিয়ে মাসুদের সঙ্গে তাঁর চাচাতো ভাই রিপন খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার রাতে মাসুদকে ডেকে নিয়ে যায় রিপন। এরপর থেকে মাসুদ নিখোঁজ ছিল। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, এ ঘটনায় পুলিশ রিপনের স্ত্রী জরিনা বেগম (৩০) ও সুজন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল কাজি (২৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের একটি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জমি নিয়ে বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। নিহত বিল্লাল কাজির বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে। সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর রঘুনাথপুর নামক স্থান থেকে রোববার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) লাশ পুলিশ উদ্ধার করেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন, গায়ে চেক শার্ট ও পরনে লুঙ্গি ছিল। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আজিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে কেউ শ্বাস রোধ করে ওই যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়ে গেছে।