বিভিন্ন স্থানে চারজনের ফাঁসি দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালককে হত্যার দায়ে গতকাল বুধবার দুজনকে ফাঁসি ও অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্ত্রী হত্যার দায়ে গত দুই দিনে বগুড়া ও নড়াইলে দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাটে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করার দায়ে রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের সরোয়ার তালুকদার (৩২) ও খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের সাত্তার গোলদারকে (৩৫) ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সরোয়ার তালুকদারের দ্বিতীয় স্ত্রী হীরা বেগম (২২) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুজরত আলীর স্ত্রী লাকি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার ধলধা গ্রামের গণি মোড়লের ছেলে মো. দেলোয়ার হোসেন মোড়ল (২৭) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০০৮ সালের ২১ আগস্ট হীরা বেগম ও লাকি বেগম রামপাল উপজেলার ফয়লা বাসস্ট্যান্ড থেকে খুলনা যাওয়ার কথা বলে তাঁকে ভাড়া করে। পরে তারা তাঁকে হত্যা করে। বগুড়া: দুপচাঁচিয়া উপজেলায় স্ত্রী মেহবুবাকে (২৬) হত্যা করার দায়ে স্বামী শুকুর আলীকে (৩৪) ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। শুকুর আলীর বাড়ি সোনাতলা উপজেলার উত্তর বয়রা গ্রামে। নড়াইল: স্ত্রী নিলুফার ইয়াসমিনকে (৩৬) হত্যার দায়ে স্বামী জসিম উদ্দীন মোল্যাকে (৪৭) ফাঁসি দেওয়া হয়েছে। মঙ্গলবার নড়াইলের জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বাঁশগ্রামের জসিম উদ্দিন নিলুফার ইয়াসমিনকে কুপিয়ে হত্যা করেন।