বিভিন্ন স্থানে চারটি মৃতদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত সোমবার এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। খুলনা শহর ও জেলার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার এক ব্যবসায়ীসহ দুজনের মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার মাগুরার শালিখায় এক তরুণীর লাশ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে সোমবার রাতে সবুজ মুন্সী (১৬) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামে। খুলনা: মঙ্গলবার একটি পায়খানার সেপটিক ট্যাংক থেকে ইজিবাইকের চালক ইনছান খানের (২৪) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইনছানের ভাই মহসীন খান বাদী হয়ে মামলা করেছেন।ডুমুরিয়া: উপজেলার শোভনা ইউনিয়নের মান্দারতলা বাজারে সুকুমারের চিংড়ির ডিপোতে মঙ্গলবার চিংড়ি ব্যবসায়ী নির্মল সরকারের (৫৫) মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।মাগুরা: শালিখা উপজেলার চিত্রা নদীর বুনাগাতী এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। নদীতে ভাসতে ভাসতে লাশটি সেখানে পৌঁছায়। যুবতীর হাতে চারটি আংটি ও হাতঘড়ি রয়েছে।