বিভিন্ন স্থানে চারটি লাশ উদ্ধার
পটুয়াখালীর দশমিনায় তরুণী, বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কিশোর ও ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খুলনার ডুমুরিয়ায় জমিসংক্রান্ত বিরোধে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম চৌধুরী জানান, শুক্রবার রাতে উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামে গাজীবাড়িসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদে জেলেরা এক তরুণীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। রাত দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে।
বাগেরহাট: মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, ২৬ জুলাই উপজেলার তেলিগাতী ইউনিয়নের চাপড়ী গ্রামের ইমরান শেখের মেয়ে কুলসুম আক্তার (১৭) পাশের বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দুই দিন পর মেয়ের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন গ্রামের একটি চিংড়িঘেরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। অন্তত ১০ দিন আগে তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জ: গত বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার নিলুফা বাজারের একটি করাতকলে বসে নিলুফা গ্রামের সোহবার শেখের ছেলে রনি শেখ (১৪) ও একই গ্রামের আজগর (৪৮) লুডু খেলছিলেন। এ সময় খেলা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজগর লাঠি দিয়ে রনির মাথায় আঘাত করেন। এতে রনি অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ওই দিন রাতে সে মারা যায়।
ফরিদপুর: আলমডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের কৃষক ফায়েক শরীফ (৪৫) বুধবার রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাঁর ছেলে সোহেল শরীফ (১৮) শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলফাডাঙ্গা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুর্বৃত্তরা হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর ফায়েকের লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।
ডুমুরিয়া (খুলনা): বুধবার সন্ধ্যায় উপজেলার শরাফপুর ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের মতলেব মোল্লা (৬০) পাশের বসুন্দিয়া বাজারে গেলে কয়েকজন লোক তার সঙ্গে জমিজমা নিয়ে ঝগড়া শুরু করে। একপর্যায়ে তারা তাঁর মাথায় লাঠির আঘাত করলে তিনি আহত হন। রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান।