বিভিন্ন স্থানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:ফরিদপুর: সকাল ১১টায় শহরের গোলপুকুর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সেলিম মিয়া। সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর মিয়া, আমিনুর রহমান, রাজিব হাসান, মাহবুবুল হাসান, এ কে কিবরিয়া, মুরাদ হোসেন, এ এম ইউসুফ, মো. সেলিম প্রমুখ। পঞ্চগড়: সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ছাত্রদল নেতা-কর্মীরা ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, নাজমুল হক, জাহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, এস এম সালেহ, নুরুজ্জামান, আবু আনছার, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন। চুয়াডাঙ্গা: বেলা ১১টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের মাঠে সমাবেশ ও কেক কাটা হয়। জেলা ছাত্রদলের সহসভাপতি আবু তালহার সভাপতিত্বে সমাবেশে মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন। অপর দিকে ছাত্রদলের আরেক পক্ষ বিএনপির অস্থায়ী কার্যালয়ে একই সময়ে সমাবেশ করে ও কেক কাটে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।