নড়াইল সদর, লোহাগড়া, বাগেরহাটের রামপাল, নোয়াখালী সদর, ঠাকুরগাঁও ও হবিগঞ্জের মাধবপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ আটজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:নড়াইল: যশোর-কালনা সড়কের তুলারামপুর-ইচরবাহা এলাকায় সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী যশোর ইডেন মার্কেট এলাকার সাব্বির মিস্ত্রি (৬২) নিহত হন।লোহাগড়া (নড়াইল): লোহাগড়া-নড়াইল সড়কের নড়াইলের লক্ষ্মীপাশা চৌরাস্তায় সোমবার একটি যাত্রীবাহী বাসের চাপায় আজিজুল (৪) নামের এক শিশু নিহত হয়। বাগেরহাট: খুলনা-মংলা সড়কের রামপাল উপজেলার ভাগা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার একটি গাড়ির চাপায় কবির শেখ (৩৫) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি রামপাল উপজেলার কুমলাই গ্রামে।নোয়াখালী: শহরের সোনাপুর চৌরাস্তায় রোববার উপকূল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বাবুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপকূল এক্সপ্রেসের চালক সুমন (৩০) এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় ইসলামীয়া কেরামতিয়া মাদ্রাসার ছাত্র আবুল কাশেম আনছারী (২২) নিহত হন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বিসিক শিল্প নগরের রুহিয়া মোড়ে রোববার পীরগঞ্জগামী একটি বাসে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে উপজেলার সিঙ্গারোল দহগাঁ গ্রামের কুতুবউদ্দীন আহম্মদ (৬৫) ও আবদুল জব্বার (৬০) নিহত হন।মাধবপুর (হবিগঞ্জ): মাধবপুর-নাছিরনগর সড়কের গোয়ালনগর এলাকায় রোববার ট্রাক্টরের চাপায় মাহবুব ইসলাম (৫৫) নামের একজন নিহত হন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায়।