বিভিন্ন স্থানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অব্যাহত

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জ: গতকাল বেলা ১১টায় শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। জেলা শহরের ইলিয়ট সেতুর ওপর আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম আজাদী, শিক্ষক আবদুস সাত্তার, সামসুন নাহার, হামিদুস ছালাম, আনোয়ার হোসেন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা যৌথভাবে মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১০টার সময় শহরের কাব সুপার মার্কেট থেকে শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) বাইরুল ইসলাম, সহকারী শিক্ষক বুলবুল আলীম দাদখান, হানিফ মোহাম্মদ আবদুল কাদের, জেলা মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা, কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা হক প্রমুখ।
রাজশাহী:
নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা শাখা। সংস্থাটির জেলা সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরজাহান সরকার, মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেন। রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে নগরের ভেড়িপাড়া মোড়ে মানববন্ধন করা হয়। একই সময় রাজশাহী কলেজিয়েট স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুঁইয়াগাঁতী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী ভুঁইয়াগাঁতী-ধানগড়া সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) মোতাহার হোসেন প্রমুখ।