বিভিন্ন স্থানে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা মনে করি, শিক্ষার্থীরাই আমাদের নিরাপত্তা দেয়। শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে থাকে, তখন আমরা নিজেদের নিরাপদ মনে করি। কারণ, হাজার হাজার শিক্ষার্থী যদি এগিয়ে আসে, তাহলে একটা সন্ত্রাসীও ঠাঁই পাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাইছি, তাদের মধ্য থেকেই কতিপয় বিপথগামী শিক্ষার্থী এসব হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত।’
কথাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ সব জঙ্গিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও নওগাঁর মান্দায় আলাদা কর্মসূচি পালিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান ও ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ‘যাদের আমরা লালন-পালন করছি, শিক্ষিত করে তুলছি, আজ তাদেরই সন্দেহ করতে হচ্ছে। তাদের চলাফেরা-আচরণ আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়।’ মানববন্ধন শেষে একটি প্রতিবাদী শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জেলা স্বাচিপ। এতে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি মোস্তফা আলম, সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ রেজাউল আলম, বগুড়া জেলা স্বাচিপের সভাপতি সামির হোসেন প্রমুখ বক্তব্য দেন। মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন বিএমএর কেন্দ্রীয় সভাপতি ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজ।
বগুড়া শহরের তিন মাথায় যুব উন্নয়ন কমপ্লেক্সে মানববন্ধন ও সমাবেশ করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ সেখানে বক্তৃতা করেন।
র্যা ব-৫ রাজশাহী শহরে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালিয়েছে। এতে র্যা ব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম, স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিম ও মিডিয়া অফিসার তোফায়েল হোসেন অংশ নেন।
নওগাঁর মান্দায় উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি অধ্যক্ষ আবদুল গফুরের সভাপতিত্বে সদরের রেবা আখতার আলিম মাদ্রাসায় ওই সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
{তথ্য পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; নওগাঁ, বগুড়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি}