বিভিন্ন স্থানে জঙ্গিবাদবিরোধী মিছিল, মানববন্ধন, সমাবেশ
সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নওগাঁ, বগুড়ার শেরপুর, নাটোরের গুরুদাসপুর, রাজশাহীর বাগমারা ও পাবনার ঈশ্বরদীতে এসব কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নওগাঁ: নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটি শোভাযাত্রা ও সমাবেশ করে। বেলা ১১টায় শহরের মুক্তির মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় মুক্তি কমিউনিটি সেন্টারে সমাবেশে মিলিত হয়। নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁর এসপি মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক শরিফুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন ও সামিউল আলম।
বাগমারা(রাজশাহী): বাগমারা ডিগ্রি কলেজ, পাইলট উচ্চবিদ্যালয়, ভকেশনাল স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর বাগমারা কলেজ ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। কলেজের অধ্যক্ষ জিয়াউল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান, শিক্ষক আবদুল জব্বার, এস এম মজিবুর রহমান ও সৈয়দ লুৎফর রহমান। শেষে ভবানীগঞ্জ-সইপাড়া সড়কের বাগমারা থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শেরপুর(বগুড়া): শেরপুর শহর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, ইউএনও এ কে এম সরোয়ার জাহান, শিক্ষক প্রতিনিধি আবদুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, সাংবাদিক মুনসী সাইফুল বারী প্রমুখ।
গুরুদাসপুর(নাটোর): গতকাল দুপুরে গুরুদাসপুর পৌর মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। গুরুদাসপুর পৌরসভা আয়োজিত ওই সভায় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সচিব হাফসা শারমীন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর যুবলীগ সভাপতি আবু তাহের সোনার, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নেতা স্বাধীন মাহমুদ প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা): গতকাল সন্ধ্যায় ঈশ্বরদী শহরের ঈমান কমিউনিটি সেন্টারে ঈশ্বরদী থানা-পুলিশের আয়োজনে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার আলমগীর কবির। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) শেখ আবু যাহিদ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম।