বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী নানা কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সমাবেশ, মানববন্ধন, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা শিক্ষক সমিতি। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসান। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামাণিক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ ওয়াহেদ মিয়া প্রমুখ।
দিনাজপুর: সদরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে ‘জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ শহর কমিটি’। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এদিকে প্রেসক্লাবের সামনের সড়কে জেলা শিক্ষক সমিতি ও ফুলবাড়ীর নিমতলা মোড়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন হয়।
ঠাকুরগাঁও: সদরের বালিয়াডাঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সচেতনতামূলক সাংস্কৃতিক সমাবেশ হয়। সমাবেশে জোট সভাপতি অনুপম মনি, সম্পাদক পার্থ সারথী দাস, আবৃত্তিশিল্পী অমল টিক্কু প্রমুখ অংশ নেন।
পঞ্চগড়: সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন জেলা উদীচীর নেতা-কর্মীরা। সংগঠনটির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা নাগরিক কমিটির সম্পাদক এরশাদ হোসেন সরকার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
কুড়িগ্রাম: শহরের আলিয়া মাদ্রাসা ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দুটি মতবিনিময় সভা করে জেলা পুলিশিং সমন্বয় কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পৌরসভার পূর্ব চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উদীচী শিল্পীগোষ্ঠী। সভাপতিত্ব করেন উপজেলা উদীচীর সভাপতি ফরিদা বিজলী।
লালমনিরহাট: ১৪ দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোতাহার হোসেন।