বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গতকাল কলেজের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গতকাল কলেজের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো
সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে, মাদক গ্রহণ করছে কি না, তাও খেয়াল রাখতে হবে

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার জঙ্গিবিরোধী মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে কলেজের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। এতে কলেজের প্রতিটি বিভাগ থেকে ব্যানারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল জলিল আহমেদ, ইউনিট সভাপতি এ কে এম আল আবদুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব তৌহিদুল ইসলাম প্রমুখ।
নীলফামারী: জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ শাখা। কলেজ চত্বরে ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির কলেজ শাখার সভাপতি মো. জাহেদুল ইসলাম। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ শাহ মো. মোকছেদ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। একই কর্মসূচির অংশ হিসেবে সরকারি মহিলা কলেজের সামনের রাস্তায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারি মহিলা কলেজ শাখা ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করে। সমিতির সভাপতি কলেজের অধ্যক্ষ আবদুল গাফ্ফারের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, উপাধ্যক্ষ বোরহান উদ্দিন প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরে কলেজের সামনে বিমানবন্দর সড়কে ওই মানববন্ধন করেন। বেলা একটা থেকে এক ঘণ্টাব্যাপী চলে ওই মানববন্ধন। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ায় জঙ্গিবিরোধী মানববন্ধন করেছে। সংগঠনের বড়পুকুরিয়া উপকেন্দ্র শাখা ওই কর্মসূচি পালন করে। এ সময় বড়পুকুরিয়া রেলগেট চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. মহাব্বত হোসেন। বক্তব্য দেন তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক খালেদুল হক প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর কলেজের উদ্যোগে নিজ নিজ বিভাগের শিক্ষক, কর্মচারী ও দুই সহস্রাধিক শিক্ষার্থী কলেজের সামনে দুপুরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে এ মানববন্ধন করেন। এতে কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, জঙ্গি সংগঠনের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীর কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে, মাদক গ্রহণ করছে কি না, তা খেয়াল রাখতে হবে। যেসব শিক্ষার্থী মেসে থাকেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, মেসে থাকা সবার পরিচয় সম্পর্কে অবহিত থাকতে হবে।