বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, পোশাক বিতরণ, মন্দিরে মন্দিরে গীতাপাঠ, কীর্তন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: দুপুরে নগরের আর্য্য ধর্মসভা মন্দিরে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া নগরের শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আর্য্য ধর্মসভা মন্দির এবং শীতলাবাড়ি মন্দিরের উভয় আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।নারায়ণগঞ্জ: সকালে শহরের দেওভোগ রাজলক্ষ্মী নারায়ণ জিউর আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বাদ্যের তালে তালে তাঁরা নেচে-গেয়ে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করেন।রাঙামাটি: স্থানীয় গৌরনিতাই আশ্রম প্রাঙ্গণে প্রদীপ জ্বেলে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।গোপালগঞ্জ: সকালে শহরের নামহট্ট মন্দির ইসকন ও কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ি থেকে দুটি শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।সিরাজগঞ্জ: সকালে ভাসানী কলেজের সামনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার দাস। পরে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোশারফ হোসেন, কে এম হোসেন আলী হাসান।ফরিদপুর: সকালে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন থেকে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল ঘোষ।নড়াইল: দুপুরে নড়াইল রামকৃঞ্চ আশ্রম চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া গীতাপাঠ, স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ১৫০ জন স্কুলশিক্ষার্থীর মধ্যে পোশাক, স্কুলব্যাগ, ছাতা বিতরণ, আলোচনা সভা ও ভক্তিগীতির আয়োজন করা হয়।টাঙ্গাইল: সকালে বড় কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভায় খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়।