বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর: সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল।

টাঙ্গাইল: সকালে শহরের সাবালিয়া নাট মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম চন্দ্র পাল, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।

ময়মনসিংহ: বেলা ১১টায় শহরের দুর্গাবাড়ী সড়কের মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক স্বপন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বক্তৃতা করেন।