বিভিন্ন স্থানে জেলহত্যা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জাতিকে নেতৃত্বশূন্য করতে স্বাধীনতাবিরোধীরা জাতীয় নেতাদের হত্যা করেছিল। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেন। পরে শোভাযাত্রা নিয়ে শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান।খুলনা: সকাল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ ছাড়া দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআনখানি, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কুমিল্লা: সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রামঘাট দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ মো. মুজিবুল হক। সিরাজগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাইদী প্রমুখ। নীলফামারী: সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ এবং এক মিনিট নীরবতা পালন করে। পরে আলোচনা সভা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়: সকাল আটটায় উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্সহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।