বিভিন্ন স্থানে জোট করে চামড়ার দাম কমানোর অভিযোগ
বগুড়ার শেরপুর এবং লক্ষ্মীপুরের রায়পুরে কোরবানির পশুর চামড়া কিনে লোকসান গুনতে হয়েছে মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, পাইকার ও বড় ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে চামড়ার দাম কমিয়ে দেওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে চড়া দামে চামড়া কিনে লোকসান গুনতে হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। জয়পুরহাটের কালাইয়ে অন্য জেলা থেকে ব্যবসায়ীরা চামড়া কিনতে না আসার সুযোগে মৌসুমি ব্যবসায়ীরা কম দামে চামড়া কিনে ভালো মুনাফা করেছেন। দাউদকান্দিতেও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা ভালো মুনাফা করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে কোরবানির পশুর চামড়া কিনে মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীরা (ফড়িয়া) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় চামড়া ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে চামড়া কেনায় এবার তাঁরা ক্ষতির মুখে পড়েছেন। বগুড়ার শেরপুর, শাজাহানপুর, নন্দীগ্রাম, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও কাজীপুর উপজেলা এলাকার মৌসুমি ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে চামড়া কিনে শেরপুরের শান্তিনগর এলাকার অস্থায়ী বাজারে বিক্রি করেন। মৌসুমি চামড়া ব্যবসায়ী শেরপুরের মো. সাজু, ইউনুছ আলী ও সুমন জানান, বড় ব্যবসায়ীরা বুধবার দুপুর পর্যন্ত ভালো দামেই তাঁদের কাছ থেকে চামড়া কিনেছেন। কিন্তু বড় ব্যবসায়ীরা বেলা তিনটার পর থেকে চামড়ার দাম কমিয়ে দেন। রায়পুর (লক্ষ্মীপুর): বৃহস্পতিবার রায়পুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে চামড়ার হাটে সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত প্রতিটি গরুর চামড়া বিক্রি হয় দুই হাজার থেকে আড়াই হাজার টাকায়। চড়া দাম দেখে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রত্যন্ত এলাকায় চামড়া কিনতে শুরু করেন। দুপুর ১২টার দিকে পাইকারেরা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে হঠাৎ প্রতিটি চামড়া কেনা শুরু করেন এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায়।ক্ষুদ্র ব্যবসায়ী এমরান হোসেন জানান, দাম হঠাৎ পড়ে যাওয়ায় তাঁর ৫০ হাজার টাকা লোকসান হয়েছে। কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলায় চামড়ার বাজার ছিল মৌসুমি ব্যবসায়ী-ফড়িয়াদের নিয়ন্ত্রণে। তাঁরা গ্রামগঞ্জ থেকে প্রতিটি গরুর চামড়া এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় এবং ছাগলের চামড়া সর্বোচ্চ ১৫০ টাকা দরে কিনে তা আড়তে দ্বিগুণেরও বেশি দরে বিক্রি করেছেন। মৌসুমি ব্যবসায়ীরা জানান, তাঁরা কালাই থেকে চামড়া কিনে জয়পুরহাট, গোবিন্দগঞ্জ, বগুড়া, নাটোর, সৈয়দপুরের আড়ত ও ট্যানারিতে নিয়ে গড়ে প্রতিটি গরুর চামড়া বিক্রি করেছেন আড়াই থেকে তিন হাজার টাকায়। আর প্রতিটি ছাগলের চামড়া বিক্রি করেছেন গড়ে ২৫০ টাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার অন্য জেলার ব্যবসায়ীরা কালাইয়ে সরাসরি চামড়া কিনতে আসেননি। এ সুযোগ কাজে লাগিয়েছেন স্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ী ও ফড়িয়ারা। কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, মৌসুমি ব্যবসায়ীরা সমঝোতা করে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে কম দামে চামড়া কিনে প্রায় দ্বিগুণ মুনাফা লুটেছেন। বাইরের পাইকারেরা মাঠপর্যায়ে সরাসরি চামড়া না কেনায় এমনটা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিটি গরুর চামড়া এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রি হয়েছে ৪০০ থেকে সাড়ে ৫০০ টাকায়। ধানগড়ার ক্ষুদ্র ব্যবসায়ী সেজাব আলী বলেন, লাভের আশায় এবার বেশি দামে চামড়া কিনে লোকসান গুনতে হচ্ছে। মহেশপুর গ্রামের চামড়া ব্যবসায়ী আজিজুল হক বলেন, এবার বাইরের মহাজন না আসায় স্থানীয় মহাজনদের কারসাজিতে চামড়ার বাজারে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা মার খেয়েছেন। দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর চৌরাস্তার মোড়ের হাটে প্রতিটি বড় গরুর চামড়া দুই হাজার ১০০ টাকা থেকে দুই হাজার ২০০ টাকা এবং ছাগলের চামড়া ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমি চামড়া ব্যবসায়ী পেন্নাই গ্রামের হারুন অর রশিদ, মনির, আসমানিয়া গ্রামের জাকির হোসেন, নারায়ণপুরের লিটন, আরিফ, কুটম্বপুরের নজরুল ইসলাম, তালতলী গ্রামের আলমগীর জানান, এবার প্রতিটি গরুর চামড়ায় ৩০০ থেকে ৯০০ টাকা এবং ছাগলের চামড়ায় ১০০ থেকে ১২০ টাকা মুনাফা হয়েছে।