কালবৈশাখীতে শনিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে দুজন ও সিরাজগঞ্জের রায়গঞ্জে একজন নিহত হয়েছেন। গাইবান্ধার সাদুল্যাপুরে ঝড়ের সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। ঝড়ে নীলফামারীতে সহস্রাধিক ও গাইবান্ধায় সহস্রাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফুলবাড়ী (দিনাজপুর): উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে ‘চিন্তামন পশুমেলা’য় ঝড়ে একটি বটগাছের নিচে চাপা পড়ে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঝড়ে এ ছাড়া মেলার অন্তত ১০টি দোকান বিধ্বস্ত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীর শ্রীহরিপুর গ্রামের আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও পার্বতীপুরের ধুলাউদাল গ্রামের আনিছুর রহমানের ছেলে রুহুল আমীন (২৫)। আহত ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পৌনে আটটার দিকে ঝড়ে বটগাছটি উপড়ে মেলার একটি দোকানের ওপর পড়লে গাছের নিচে চাপা পড়ে ওই দুজন মারা যান।নীলফামারী: নীলফামারীর জলঢাকার শৌলমারী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী এবং ডিমলার পূর্ব ছাতনাই, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী ও গয়াবাড়ী ইউনিয়নে ঝড়ে সহস্রাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় গাছপালা উপড়ে ও ঘরের চাপায় প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। এসব এলাকায় ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।শৌলমারী ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ জানান, ঝড়ে তাঁর ইউনিয়নের কাজীপাড়া, কালীরডাঙা, গোপালঝাড়, শৌলমারী বাজার ও আনসারহাট গ্রামের পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়। পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, তাঁর ইউনিয়নে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া টেপাখড়িবাড়ী ইউনিয়নের শতাধিক, খালিশা চাপানী ইউনিয়নের শতাধিক এবং গয়াবাড়ী ইউনিয়নের শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।সিরাজগঞ্জ ও রায়গঞ্জ: সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ ও কাজীপুর উপজেলার ওপর দিয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে ঝড় বয়ে যায়। ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত সোনা উল্লার স্ত্রী রাবেয়া বেওয়া (৬৫) মারা যান। ঝড়ে এসব উপজেলার শতাধিক আধাপাকা বাড়িঘর, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সহস্রাধিক গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।কামারখন্দ, কাজীপুর ও সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষারকান্তি দেবনাথ জানান, খুঁটি স্থাপন ও তার মেরামত না করা পর্যন্ত সমিতির আওতাভুক্ত ১১টি উপকেন্দ্রের মধ্যে ছয়টি উপকেন্দ্র চালু করা সম্ভব হচ্ছে না।গাইবান্ধা: গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় শনিবার সন্ধ্যায় ঝড়ে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ঝড়ের সময় শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সময় সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট এলাকায় বৈশাখী মেলার মাঠে বজ্রপাতে হেলাল মিয়া (২৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনগোলা গ্রামের আবদুস সালামের ছেলে।দুপচাঁচিয়া (বগুড়া): শনিবার রাত সোয়া সাতটা থেকে আটটা পর্যন্ত ঝড়ের পর থেকে উপজেলার জিয়ানগর, গুনাহার ও গোবিন্দপুর ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওই সব এলাকার শতাধিক ঘরের চাল উড়ে গেছে। চৌমহনী এলাকার মুরগির খামারের টিনের ছাপড়া ভেঙে পাঁচ শতাধিক মুরগি মারা গেছে।