পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি গ্রামে জালাল হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি, খুলনার ডুমুরিয়া ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: সদর উপজেলার টাউন জৈনকাঠি গ্রামে গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা জালাল হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে। তিনি ওই এলাকার একটি ইটভাটায় কেরানি পদে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী নাজমা বেগম জানান, রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা বাড়িতে এসে জালালের নাম ধরে ডাক দেয়। এ সময় তিনি উঠে ঘরের দরজা খুলে দিলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাঁকে বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কয়েকটি কোপ দেয়। রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাজবাড়ী: পুলিশ গতকাল বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আখপেটরা গ্রাম থেকে কৃষ্ণপদ মণ্ডলের মরদেহ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর বড় ভাই গুরুপদ মণ্ডল জানান, কৃষ্ণপদ বুধবার রাত নয়টার দিকে বাড়ির পাশে রথখোলা বাজারে চার্জ দেওয়া মুঠোফোন আনতে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন জানান, কৃষ্ণপদের গলায় রশি প্যাঁচানোর চিহ্ন রয়েছে এবং মাথায় লাঠির আঘাতের দাগ আছে। কৃষ্ণপদ মণ্ডল একই গ্রামের চান মোহন হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ২০১১ সালের ২৯ অক্টোবর গ্রেপ্তার হন। ছয় মাস হাজতবাসের পর গত বছরের মার্চ মাসে তিনি জামিনে মুক্তি পান।খুলনা: গতকাল ভোরে ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের খাল থেকে নাসির উদ্দিন মীরের লাশ উদ্ধার করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, নাসিরের শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনায় মর্গে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা বাজার এলাকার কুমার নদ থেকে ভাসমান একটি লাশ গতকাল বেলা ১১টায় উদ্ধার করেছে পুলিশ। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল বাশার জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।