বিভিন্ন স্থানে দলের কমিটি পুনর্গঠন করতে খালেদা জিয়ার নির্দেশ
আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন চাঙা করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে দলের যেসব কমিটি পুনর্গঠন বাকি রয়েছে তা দ্রুত সম্পন্ন করতে নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন।গতকাল শনিবার রাতে চেয়াপারসনের গুলশানের কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে খালেদা জিয়া এই নির্দেশ দেন।বৈঠকে সাংগঠনিক বিষয়সহ ঢাকায় ১৯ মের মহাসমাবেশ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে এ কথা জানান। তিনি আরও জানান, সারা দেশে যেসব কমিটি পুনর্গঠন বাকি রয়েছে, সেগুলো শিগগিরই সম্পন্ন করতে নেতাদের নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। দলীয় কোন্দল এবং ঢাকা, মানিকগঞ্জ ও পাবনা জেলার কাউন্সিল না হওয়ায় বৈঠকে খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানায়।বৈঠকে যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ, সাংসদ মাহবুবউদ্দীন খোকন, রুহুল কবির রিজভী আহমেদ (দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত) এবং সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন (ঢাকা), গোলাম আকবর খোন্দকার (চট্টগ্রাম), মশিউর রহমান (খুলনা), হারুনুর রশীদ (রাজশাহী), মজিবর রহমান সরোয়ার (বরিশাল) ও এম ইলিয়াস আলী (সিলেট) উপস্থিত ছিলেন। যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।