পিরোজপুর, যশোরের মনিরামপুর ও মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পিরোজপুর: পিরোজপুর-পাথরঘাটা সড়কের ইকরি বাসস্ট্যান্ডের কাছে গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটাগামী একটি বাসের চাপায় উম্মে জান্নাত (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের জুলফিকার আলীর মেয়ে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি যেতে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি বাস এসে জান্নাতকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।মনিরামপুর (যশোর): বাসের ধাক্কায় বুধবার উপজেলার রোহিতা বাজারে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। নিহত আবদুর রবের (৩২) বাড়ি রোহিতা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জাফর (১৬) ও নূর করিম (২৫)। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।জুড়ী (মৌলভীবাজার): বড়লেখায় বুধবার সকালে মাটিবোঝাই ট্রাকের চাপায় ইমরান হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়। সে ভোলারকান্দি গ্রামের দিনমজুর তছদ্দর আলীর ছেলে। পুলিশ ট্রাকচালক শাহ আলমকে (৩০) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা হয়েছে।