বিভিন্ন স্থানে দুই শিশুসহ নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। একই দিনে চুয়াডাঙ্গা, ভৈরব ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। রোববার বিভিন্ন স্থানে আরও দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর ও রামগতি: লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর উপজেলার মিল্লাত একাডেমির পাশে গতকাল ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চারজন যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার দক্ষিণ চন্দ্রপুর গ্রামের কিশোরচন্দ্র সূত্রধর (২৬), ভোলার চরফ্যাশন উপজেলার ছিদ্দিক হোসেন (৪০) ও লালমোহন উপজেলার বালুরচর গ্রামের কবির হোসেন (২৫)। ভৈরব: নরসিংদীর মনোহরদী উপজেলার হিটাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সোহরাব সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সোহরাবের নিথর দেহ দেখে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। যান চলাচল বন্ধ থাকে আধা ঘণ্টা। গতকাল বিকেলে উপজেলার গোখুলা এলাকার ঢাকা-মঠখোলা সড়কে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাবের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া গ্রামে। সে গোখুলায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল সকালে বাসের ধাক্কায় বদর উদ্দীন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি কার্পাসডাঙ্গা বাজারপাড়ায়। মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল দুপুর একটার দিকে ঢাকাগামী দূরদিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার আছিমতলায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও সাতজন আহত হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এর আগে রোববার একই মহাসড়কে উপজেলার সোহাগপাড়ায় একটি গাড়ির চাপায় সুধীর (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নোয়াখালী: নোয়াখালীর মাইজদী-চৌমহনী আঞ্চলিক সড়কের মাইজদী বাজারের কাছে রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিজাম উদ্দিন (৩৭) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ: শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, রোববার সকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার দুর্গাদহে হিলি থেকে পাবনাগামী একটি মোষভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দুটি ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর পাবনার চাটমোহর উপজেলার জাকিরুলের (১৭) মৃত্যু হয়। শ্রীপুর (গাজীপুর): রোববার সকাল পৌনে ১০টায় টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় নানি রহিমা খাতুন (৫০) ও নাতিন লিটন (৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার বাসিন্দা।নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার দশালিয়ায় রোববার বিকেলে রাস্তা পার হওয়ার সময় এনাম মিয়া (৬) নামের একটি শিশু মাইক্রোবাসের চাপায় মারা যায়। এনাম ঘোষপালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।