বিভিন্ন স্থানে দুজন খুন, তিন ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরে ছুরিকাঘাত করে খালেকুজ্জামান নামের এক ছাত্রকে হত্যা করা হয়েছে। কুষ্টিয়ায় শ্বশুড়বাড়ির লোকজনের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলশিক্ষক, বাগেরহাটের মোল্লাহাটে এক শিশু ও ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ তিনটি ঘটনায় হত্যার অভিযোগে মামলা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর: জেলা শহরের কেন্দ্রস্থল কালীবাড়ি সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে ছুরিকাঘাত করে খালেকুজ্জামানকে হত্যা করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলার ইকরি এলাকার প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে খালেকুজ্জামান বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) এস এম আক্তারুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গত সোমবার রাতে মো. শাহজাহান (৫৮) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহান বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া বন্দর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ওই এলাকার নাচনাপাড়া গ্রামে।
বাগেরহাট: গত সোমবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামের একটি আখক্ষেত থেকে পুলিশ পুলক বিশ্বাস (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা প্রেমচাঁদ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মোল্লাহাট থানায় হত্যা মামলা করেছেন। পুলক আংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
ফরিদপুর: ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের একটি পাটক্ষেত থেকে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে নূরজাহান বেগম (২৫) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নূরজাহানের বাবা নূরুল আমিন ভাঙ্গা থানায় মামলা করেছেন।
কুষ্টিয়া: গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকা থেকে কল্যাণপুর গ্রামের কামাল হোসেনকে তাঁর শ্যালক ডেকে বাড়ি নিয়ে যান। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্বশুড়ের দেওয়া দুটি গরু বিক্রি করায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।