বিভিন্ন স্থানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে কুড়িগ্রামে সরকারি কর্মকর্তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথ পাঠ করান জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির সমাপনী দিনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সনাক সভাপতি এনামুল হক চৌধুরী ও সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আজম নূর, জেলা সিপিবির সভাপতি মাহবুবুর রহমান, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন প্রমুখ। এদিকে উলিপুরে মানববন্ধন, সভা ও দুর্নীতিবিরোধী প্রচারপত্র বিলি করা হয়।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর, চিরিরবন্দর, বিরল ও বীরগঞ্জে মানববন্ধন, পথসভা ও পদযাত্রা হয়েছে। বেলা ১১টায় চিরিরবন্দর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পদযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও মো. ফিরোজ মাহমুদ। পরে মানববন্ধন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির। প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খায়রুল আনামের সভাপতিত্বে পথসভা হয়। বিরলে প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মনসুর আলীর সভাপতিত্বে পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বজলুর রশিদ, ইউএনও আবদুল্লাহ আল খায়রুম প্রমুখ বক্তব্য দেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী শপথ, বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও পথসভা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলমান দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের অংশ হিসেবে এসব কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় শপথ ও সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন শেষে পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।