বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁওয়ে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তসলিম উদ্দীন প্রধান, সহসভাপতি শিক্ষাবিদ মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক আবদুল লতিফ, সদস্য এম এস নুর বানু ও সাংবাদিক মনসুর আলী প্রমুখ বক্তব্য দেন। শোভাযাত্রা ও মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যরা অংশ নেন।

দুর্নীতিবিরোধী সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ নেয়। পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথের ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
দুর্নীতিবিরোধী সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ নেয়। পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথের ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পঞ্চগড়ে গতকাল দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান হয়। দুর্নীতিবিরোধী সপ্তাহ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলিম খান ওয়ারেশী। সভায় অন্যদের মধ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতারুন নাহার, সহসভাপতি নাসিমুল হাসান, মোশারফ হোসেন, সদস্য ইসমাঈল হোসেন, ফেরদৌস আরা, মাদ্রাসার সহকারী অধ্যাপক আবদুল হান্নান, শিক্ষার্থী আরেফিন আক্তার বক্তব্য দেন। সভার শুরুতে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সততা সংঘের সহসভাপতি আরিফা জান্নাত।
সভা শেষে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার হিসেবে বই তুলে দেন।
এর আগে সকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে পঞ্চগড় শহরে এসে শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, দুর্নীতিবিরোধী স্লোগান-সংবলিত পোস্টার।
নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিয়েছে শহরের পুলিশ লাইনস একাডেমির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। বেলা সাড়ে ১০টার দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একাডেমি চত্বরে ওই শপথ নেয় তারা। এর আগে সেখানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা কমিটির সহসভাপতি শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, পুলিশ লাইনস একাডেমির প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুর আলম প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের দুর্নীতি না করার শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিষয়ে ঘৃণা জন্মানো, প্রত্যাখ্যান করাসহ মহান স্বাধীনতার চেতনাকে লালন করে বেড়ে ওঠার প্রত্যয়ে দুর্নীতিবিরোধী সপ্তাহ (২৬ মার্চ থেকে ১ এপ্রিল) উপলক্ষে ওই আয়োজন করা হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শোভাযাত্রা, মানববন্ধন, পথসভা ও আলোচনা সভা করা হয়। স্থানীয় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় পথসভা করা হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, পৌর মেয়র শমসের আলী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সাহা প্রমুখ।