
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহের উদ্বোধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকালে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার রুহুল আমিন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার।
নীলফামারী: দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর ছাদেকের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন প্রমুখ। এর আগে শোভাযাত্রা বের হয়।
গাইবান্ধা: বেলা ১১টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সাড়ে ১১টায় একটি শোভাযাত্রা বের হয়। দুপুরে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সাংসদ মো. ইমদাদুল হক।
পাটগ্রাম (লালমনিরহাট): কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন। উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।