বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা আহত ২৪
হবিগঞ্জ ও নরসিংদীর মনোহরদীতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলায় বিএনপির ১৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন সাতজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নরসিংদী: মনোহরদী বাজার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের পক্ষে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালালে জয়নাল আবেদীনসহ ১০ জন আহত হন। তবে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জি কে গউছের পক্ষে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হাসান শহরের চৌধুরীবাজার জামে মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালান। এ ঘটনায় বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল দাবি করেন, বিএনপির নেতা-কর্মীদের হামলা থেকে নিজেদের রক্ষার জন্য তাঁরাও পাল্টা হামলা চালান।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বৃহস্পতিবার রাতে ধামাইরহাট বাজারের একটি চায়ের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির কর্মীরা কিল-ঘুষি মেরে আওয়ামীলীগের কয়েকজনকে আহত করেন। পরে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ওপর চড়াও হন। এ সময় ছয়টি দোকানের আসবাব ও জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিএনপির কর্মীরা দলবদ্ধভাবে বাজারে এসে আওয়ামী লীগের কর্মীদের মারধর করেন।