বিভিন্ন স্থানে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া, মৌলভীবাজার ও সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গত সোমবার বিভিন্ন স্থানে আরও সাতজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: পিরোজপুর: পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়ার মুসুল্লিবাড়ী এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পাশের খাদে পড়ে যায়। এতে চান ফুলবিবি (৫০) নামে এক নারী নিহত এবং ২৫ জন আহত হন। ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার আঙ্গারদোহা গ্রামে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি মিনিবাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী অদুদ সরদার (৬০) নিহত হন। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে গতকাল দুপুরে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হন। মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর বাসস্ট্যান্ডে গতকাল সকাল সাতটার দিকে পিকআপ ভ্যানের চাপায় সিদ্দিক উল্লাহ (৫০) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। কুষ্টিয়া: কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে সোমবার রাত ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক লালন (৪০) ও শ্রমিক জহুরুল ইসলাম (২৫) নিহত হন। ভৈরব (কিশোরগঞ্জ): ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবের পানাউল্লাহরচর এলাকায় সোমবার দুপুরে একটি বাস সাদিয়া আক্তারকে (৮) ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে সে মারা যায়। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসাগাড়ীতে সোমবার ভোরে চাকা ফেটে একটি পিকআপ ভ্যান উল্টে ভ্যানের চালক আতিকার রহমান (২৪) নিহত হন। একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার সলিলদিয়ায় চাকা ফেটে একটি পিকআপ ভ্যান রাস্তার ওপর উল্টে চালক আলমগীর সরদার (৪০) ঘটনাস্থলেই নিহত হন।ফরিদগঞ্জ (চাঁদপুর): উপজেলার ধানুয়া বাজার এলাকায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় লিজা (৪) নামের এক শিশু একটি পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়। ময়মনসিংহ: ভালুকা উপজেলার কাঁঠালী বাঘরাপাড়ায় সোমবার সকালে ইশাকুর রহমান (৪২) নামে এক শ্রমিক ট্রাকের চাপায় নিহত হয়েছেন।