বরিশাল, যশোর ও ফরিদপুরে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:বরিশাল: গতকাল বেলা ১১টায় নগরের গড়িয়ারপাড় এলাকার রেইনট্রিতলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (১৬) নামের এক কিশোরী ঘটনাস্থলেই নিহত ও ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত নয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর: বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস গতকাল সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়ায় একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক অশোক কুমার মনি (৩৫) ঘটনাস্থলে মারা যান। আহত হয় অন্তত ৩০ জন। এর মধ্যে ২৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ও শিবচর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের তাড়াইল পেট্রল পাম্পের কাছে রোববার রাত সাড়ে নয়টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর পাটকান্দা গ্রামের ফিরোজ মোড়ল (২৬)। শিবচর থেকে ভাঙ্গাগামী একটি টেম্পো রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।