বৈরী আবহাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাটসহ দেশের বিভিন্ন নৌপথে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া দেশের উপকূলীয় কয়েকটি জেলায় ভারী ও টানা বর্ষণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। ঢাকা নদীবন্দর এলাকায় ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা নদীবন্দরে ৬৫ ফুটের নিচে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে মঙ্গলবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা বিরাজ করছিল মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে যমুনা নদীতে। সেখানে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাটুরিয়া ও আরিচা নৌবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঘাট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও আরিচায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট ভেঙে যাওয়ায় একটি ঘাট দিয়ে স্বল্প সংখ্যায় ছোট ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা উত্তাল থাকায় গতকাল বুধবার সকাল থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ও কাঁঠালবাড়ি এবং শরীয়তপুরের মঙ্গলবাঝি ঘাটের মধ্যে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, এমন আবহাওয়া চলতে থাকলে ফেরি চলাচল যেকোনো সময় পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের সঙ্গে পদ্মার দক্ষিণ পাড়ের কাওড়াকান্দি, কাঁঠালবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটের লঞ্চ এবং সি-বোট চলাচল গতকাল সকাল থেকে বন্ধ ছিল।
উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে ঝোড়ো হাওয়া বইছে। এ অবস্থায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে পড়েছে। পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌপথের ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাটে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে। ঘরের ওপর উপড়ে পড়া গাছচাপা পড়ে গতকাল ভোরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকায় গীতা রানী দাস (৬০) মারা গেছেন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন কেরানীগঞ্জ (ঢাকা), মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও বাগেরহাট প্রতিনিধি এবং পটুয়াখালী অফিস}