বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকার কয়লা মোকামে ছুরিকাঘাতে গতকাল বৃহস্পতিবার এক কয়লা ব্যবসায়ী খুন হয়েছেন। ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বুধবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব: নিহত ব্যবসায়ীর নাম জামাল মিয়া (৩৮)। তিনি পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জামাল মোকামের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চন্ডিবের বাজারে মুদি ব্যবসায়ী রফিক লোকজনের উপস্থিতিতে প্রকাশ্যে তাঁকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালের ছোট ভাই কামাল মিয়া অভিযোগ করেন, রফিকের দোকান থেকে জামাল পণ্য কিনতেন। জামালের কাছে রফিক কিছু টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে কয়েক দিন আগে তাঁদের মধ্যে তর্ক হয়। সেখান থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ভৈরব নৌ থানার দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, রফিক এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাত করে চলে যেতে থাকেন। পরে জনতা তাঁকে ধরে ফেলে। জামালের বাঁ বুকে আঘাত করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় উত্তেজিত জনতা রফিকের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দমকল বাহিনীর একটি ইউনিট এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একটি পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার হওয়া লাশটি বিষ্ণপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সোহরাব চৌধুরীর (১৮)। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল সোহরাব সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকালে বুল্লা গ্রামের টানপাড়ার সিদ্দিক মিয়ার পুকুরে সোহরাবের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা বিজয়নগর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, ধারণা করা হচ্ছে, সোহরাবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): গত বুধবার ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট এলাকায় আনিছুর রহমান (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সে টাঙ্গাইলের ধনবাড়ী পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়নের হাটবাড়ী গ্রামের দিনমজুর বাদশা মিয়ার ছেলে আনিছুর বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে কুঠিরহাট এলাকায় দুর্বৃত্তরা বুকে ছুরি মেরে তাকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে যায়। গতকাল সকালে নিহত ছাত্রের মা আমেনা বেগম ধানখেতে ছেলের লাশ দেখে চিৎকার করেন। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে দুপুরে তাঁরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।