বিভিন্ন স্থানে প্রতিবাদ মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত মঙ্গলবার রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। আগুনে ১৩টি দোকান ও একটি ডাকঘর পুড়ে গেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বুধবার ভোরে একটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এদিকে গত কয়েক দিনে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও স্থানীয় পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:আনোয়ারা (চট্টগ্রাম): মঙ্গলবার রাত দেড়টার দিকে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতকারী এসে আনোয়ারা উপজেলার হিন্দু অধ্যুষিত পরৈকোড়া ইউনিয়নের লালানগর বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। দাউদকান্দি (কুমিল্লা): ভোরে উপজেলার চাপাতলী গ্রামে টিনের তৈরি একটি সর্বজনীন কালীমন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করা হয়। পরে মন্দিরটিতে আগুন দিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।অগ্নিসংযোগ, ভাঙচুরের প্রতিবাদ: কিশোরগঞ্জের কালীবাড়ি মোড়ে বিকেলে কিশোরগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন কমিটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকালে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের কয়েক হাজার লোক শহরের গোপীনাথ জিউর আখড়া মন্দিরের (বাক বিতান ক্লাব) সামনে সমবেত হয়। বেলা ১১টার দিকে ওই মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করা হয়।বিকেলে কক্সবাজার শহরের ব্রাহ্মমন্দির প্রাঙ্গণে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশের সভাপতিত্বে সমাবেশ হয়। বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনার মোড়ে এসে শেষ হয়। পরে এখানে সমাবেশ করা হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত শেরপুর শহরের মুন্সিবাজারের ঘোষপট্টির মোড় থেকে নয়আনী বাজার মোড় পর্যন্ত মানববন্ধন করা হয়। বিকেলে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করা হয়। একই দাবিতে বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের সামনে, খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর এলাকায়, কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামের পটিয়ায় থানার মোড় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বিকেলে মানববন্ধন করা হয় সিরাজগঞ্জ শহরের মুজির সড়কে। লক্ষ্মীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকালে মানববন্ধন করেন। এদিকে জামায়াত-শিবিরের নৈরাজ্য এবং সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ। রাঙামাটির কাপ্তাই ও বরিশালের গৌরনদী উপজেলায় সমাবেশ করা হয়। মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।গ্রেপ্তার ২০: বেগমগঞ্জের রাজগঞ্জের টুঙ্গিরপাড় ও আলাদী নগর গ্রামে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হলো। সংবাদ সম্মেলন: চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তারা দাবি করেন, চট্টগ্রামের বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নীরবতাই দায়ী। বক্তারা ওই দুজনের অপসারণ দাবি করেন।