বিভিন্ন স্থানে প্লাবন ফসলের ক্ষতি
অস্বাভাবিক জোয়ারে বঙ্গোপসাগরের তীরের বিভিন্ন স্থানে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িঘর ও ফসলের খেত প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বিলীন অধিকাংশ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও মেরামত না হওয়ায় এসব ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের লোনাপানি ঢুকে পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: জেলার প্রধান নদনদী পায়রা, বিষখালী, বলেশ্বর, আগুনমুখায় তিন-চার দিন ধরে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট পানি বেড়েছে। এতে আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী, কচুপাত্রা, মান্দারবাড়িয়াসহ আশপাশের ২২টি গ্রামের প্রায় চার হাজার বাড়িঘর প্লাবিত হচ্ছে। এ ছাড়া সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মানিকখালী, বুড়িরচর, হাজারবিঘা; বদরখালী ইউনিয়নের গুলিশাখালী, পাতাকাটা, বাওয়ালকর, মাঝেরচর; বালিয়াতলী ইউনিয়নের পাতাকাকা, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, শশাতলা, লতাকাটা; গর্জনবুনিয়া ইউনিয়নের গাজী মাহমুদ, পূর্ব নিশানবাড়িয়া ও আমতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলী গ্রামের কয়েক হাজার একর ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।ভোলা: জোয়ারে পানির উচ্চতা বিপত্সীমা অতিক্রম করায় গত তিন দিন জেলার ৩৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাচ্ছে। ভোলা সদরের ভেলুমিয়ার তরমুজচাষি হেমায়েত উদ্দিন বলেন, বাঁধ না থাকায় ওই এলাকার প্রায় তিন হেক্টর জমি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তাঁর নিজেরও চার একর জমির তরমুজ খেত তলিয়ে গেছে। জেলা কৃষি কর্মকর্তা আফসার আলী খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ বছর জোয়ারের উচ্চতা বেশ বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানি শিগগিরই নেমে গেলে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।মহেশখালী (কক্সবাজার): বুধবার দুপুরে উপজেলার ধলঘাটার বেড়িবাঁধ ভেঙে প্রায় এক হাজার একরের লবণের মাঠ তলিয়ে গেছে। এতে এলাকার লবণচাষিরা প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল আহমদ। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে আগামী বর্ষায় পুরো এলাকা সাগরে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়।ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম জানান, বর্ষার আগে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণ না করলে এ এলাকায় কেউ বসবাস করা তো দূরের কথা, পুরো ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে। চেয়ারম্যান মকবুল আহমদ জানান, গত বছর আইলায় বেড়িবাঁধ ভেঙে গেলেও তা স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে জোয়ারে পানি একটু বাড়লে তা এলাকায় ঢুকে পড়ে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট বিভাগে লেখা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।