বিভিন্ন স্থানে বইমেলা শুরু
বগুড়া, ফরিদপুর, ভোলা, লালমনিরহাট ও নীলফামারীতে গত সোম ও রোববার বইমেলা শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সোমবার বিকেলে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (খোকন পার্ক) বইমেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান। মহান শহীদ দিবস উপলক্ষে জেলা প্রসাশনের সহযোগিতায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মেলার আয়োজন করা হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ছালেক উদ্দিন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আমির খসরুসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। ফরিদপুর: সোমবার বিকাল সাড়ে চারটায় ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বইমেলার উদ্বোধন করেন। শহরের জেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষাসৈনিক ননীগোপাল সাহা ও এস এম নুরুন্নবীকে সংবর্ধনা জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) বশির আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। ভোলা: ভোলায় আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টায় বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ‘সুন্দরবন’কে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পুলিশ সুপার বশির আহম্মেদ, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদ, সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান প্রমুখ। সঞ্চালক ছিলেন ভোলা আবৃত্তি সংসদের সভাপতি সামস উল আলম। লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গত রোববার বিকেল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পঞ্চম বই ও তথ্যপ্রযুক্তি মেলা। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ ও ভাষাসৈনিক মহেন্দ্র নাথ রায় প্রমুখ। নীলফামারী: নীলফামারী শিল্পকলা অডিটরিয়াম চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। গত রোববার বিকেলে নীলফামারী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারীর পুলিশ সুপার মো. আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সদস্য ওমর ফারুক প্রমুখ।