বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় গত শুক্রবার ও গতকাল শনিবার বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে ২০০ বন্যাদুর্গতের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করেন ইউএনও রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছামুছুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু, রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল করিম প্রমুখ। এর আগে সকালে পুলিশের উদ্যোগে সাদুল্যাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ১০০ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ওসি ফরহাদ ইমরুল কায়েস, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, মাহমুদুল হক, তোফায়েল হোসেন প্রমুখ।
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় শুক্রবার ও গতকাল ত্রাণ বিতরণ করা হয়। সিংড়ায় প্রশাসনের উদ্যোগে ৬৬৭টি পরিবারকে ত্রাণ তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এদিকে নলডাঙ্গার দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার স্বেচ্ছাসেবক দলের কর্মীদের দিয়ে এসব ত্রাণ দেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী গতকাল বদরগঞ্জ পৌরসভার ফেসকিপাড়া গ্রামে ২৫০ জনকে ত্রাণ দিয়েছেন। পরে তিনি মধুপুর ইউনিয়নের সন্তোষপুর, চারআনিপাড়ায় ত্রাণ দেন। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, গত দুদিনে তাঁরা পাঁচটি গ্রামে অন্তত এক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। বদরগঞ্জের সামাজিক সংগঠন ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গতকাল স্থানীয় ডাকবাংলোতে দুই হাজার মানুষের মধ্যে খিচুড়ি, স্যালাইন ও ওষুধ দেওয়া হয়। সংগঠনটি শুক্রবার এক হাজার মানুষের মধ্যে চাল-ডাল দেয়।
রাজশাহীর বাগমারায় ব্যক্তি উদ্যোগে গত শুক্রবার থেকে পাঁচ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ এনামুল হক। তিনি বন্যাদুর্গত এলাকায় নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন, গোলাম সারোয়ার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেকসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা। এদিকে দুপুরে কুমারপুর গ্রামে শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তাহেরপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান।
নওগাঁর আত্রাইয়ে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করেছে ব্র্যাক। তারা বন্যাদুর্গত এলাকায় নৌকা নিয়ে প্রায় ছয় শ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। উপস্থিত ছিলেন ইউএনও মো. মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিল্লুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ মল্লিক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ব্র্যাক জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
দিনাজপুরে পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গতকাল ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করে। ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল আলম বলেন, ‘আমরা পার্বতীপুরবাসীর সহযোগিতা ছাড়া বন্যার্তদের পাশে দাঁড়াতে পারতাম না।’ তাঁর বিশ্বাস, এ ঘটনার অনুপ্রেরণা থেকে ভবিষ্যতে পার্বতীপুরের তরুণেরা মানুষের পাশে দাঁড়াবেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গাইবান্ধা, নাটোর, বদরগঞ্জ (রংপুর), বাগমারা (রাজশাহী), আদমদীঘি (বগুড়া), সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি}