বিভিন্ন স্থানে বাড়ি, দোকান ও সড়কে ডাকাতি
নওগাঁ সদরে গত মঙ্গলবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে সিলেটের বিশ্বনাথে একটি দোকানে এবং সোমবার হবিগঞ্জের মাধবপুরে সড়কে ডাকাতি হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: নওগাঁ পৌর এলাকার ধোপাপাড়া মহল্লার সৌদিপ্রবাসী মোবারক হোসেনের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। গৃহকর্তার ছেলে সবুজ (২৫) দাবি করেছেন, সশস্ত্র ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে এক লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বিশ্বনাথ (সিলেট): উপজেলার রামপাশা বাজারের মেসার্স ইরন ভেরাইটিজ স্টোরে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল দোকানের মালিক ইরন মিয়াকে মারধর করে ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। ইরন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধবপুর (হবিগঞ্জ): উপজেলার মাধবপুর মনতলা-সড়কের শ্যাউলিয়া সেতুর কাছে গত সোমবার রাতে একটি যাত্রীবাহী টেম্পোতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিস লুটে নেয়। একই রাতে উপজেলার ছাতিয়াইন-পিয়াইম সড়কের খামার এলাকায় কয়েকজন ব্যবসায়ী ডাকাতদের কবলে পড়েন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে যায়।মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকার আধুনিক পলিব্যাগ কারখানায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজন ডাকাতকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে। তাঁরা হচ্ছেন মনির (৩৫), জাকির (৩২), আসম আলী (৬০), মোজাম্মেল (৫২), জহির (৩১), আজিজুল (৩৬), নূর হোসেন (৪৫) ও আমির (৩০)। গজারিয়া থানার ওসি এ কে এম শহিদুল ইসলাম জানান, গজারিয়া ও ঢাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুটে নেওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।