বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৯৩ নেতা-কর্মী আটক
পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াতে ইসলামীর ৯৩ জন নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের অনেককে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাউকে কাউকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং দণ্ডাদেশ দেন।রোববার ঢাকাসহ আট জেলায় চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাতে ও গতকাল তাঁদের আটক করা হয়।পুলিশ, এলাকাবাসী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বরাত দিয়ে ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন, মহানগর বিএনপির সদস্য সামসুন নাহার, মহানগর মহিলা দলের সহসাধারণ সম্পাদক শাহানাজ পারভিনসহ ছয়জনকে গতকাল সকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।তাঁদের মুক্তির দাবিতে রাজশাহী কলেজের সামনে ছাত্রদল বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা কলেজে বিক্ষোভ সমাবেশ করে। এ গ্রেপ্তারের প্রতিবাদে যুবদল সাগরপাড়ায় বিক্ষোভ করে।পটুয়াখালী: জেলার বিভিন্ন উপজেলায় রোববার রাতে মোট ১৮ জন আটক হয়েছেন। তাঁদের মধ্যে বাউফলে উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাকসহ দুজন, গলাচিপায় চারজন, কলাপাড়ায় উপজেলা ছাত্রদলের সহসভাপতি বাদল মাতব্বরসহ চারজন, সদর থানায় চারজন, দুমকীতে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং দশমিনায় রয়েছেন দুজন।বরগুনা: জেলায় আটক ১৫ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় চারজন, আমতলীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়াতুজ্জামানসহ তিনজন, তালতলীতে তিনজন, বেতাগীতে দুজন ও বামনায় তিনজন।বরিশাল: জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাবুদ্দিন আকনসহ চারজনকে আটক করা হয়েছে।খুলনা: খুলনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির নুরুল হুদা খান, হাসিবুল হক, নাসির খান, হাফিজুর রহমান, মাসুদ হোসেন, আবদুর রউফ।পিরোজপুর: সদর উপজেলায় দুজন, জিয়ানগরে দুজন, মঠবাড়িয়ায় তিনজন, নাজিপুরে দুজন ও কাউখালীতে একজনকে আটক করা হয়।ফরিদপুর: জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ নয়জনকে আটক করে পুলিশ। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীরকে দুই বছর এবং শুকুর আলী ও সুমন দত্তকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। বাকি ছয়জনকে আদালতে পাঠানো হয়।কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন যুবদলের সম্পাদক শরীফ খান ও উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক দীন ইসলামকে আটক করা হয়।শেরপুর: সদর থানা পুলিশ ভোরে বিএনপির কর্মী মো. আবদুল্লাহ, জাকারিয়া ও মোজা মিয়াকে আটক করে।বিএনপির মিছিলে পুলিশের বাধানীলফামারী: গতকাল নীলফামারীতে দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়। শহরের বাটার মোড় থেকে বের হওয়া একটি খণ্ড মিছিলও পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।জামালপুর: জেলা বিএনপি বিকেলে শহরের মহিলা কলেজ গেটে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমানের নেতৃত্বে শহরের দয়াময়ী মোড় থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়।