ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘উচ্ছেদের’ প্রতিবাদে বিএনপির ডাকা গতকাল রোববারের হরতাল সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাঙচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও ভাঙচুরে পুলিশ বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁপাইনবাগঞ্জে হরতাল সমর্থকদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পিকেটারদের ইটের আঘাত ও পুলিশের লাঠিপেটায় গত শনিবার ও গতকাল ১৮০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ, সাংবাদিক, পথচারীসহ বিএনপির নেতা-কর্মীরা রয়েছেন। এ ছাড়া নোয়াখালী, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, সিলেটের বালাগঞ্জসহ বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।পিকেটাররা গতকাল যশোরে আটটি, ঠাকুরগাঁওয়ে পাঁচটি, বগুড়ায় তিনটি, গাইবান্ধায় দুটি, ফেনীতে দুটি, ভোলায় একটিসহ মোট ২১টি গাড়ি ভাঙচুর করেছেন। এ ছাড়া তাঁরা নোয়াখালীর সোনাইমুড়ীতে দুটি মোটরসাইকেল ও নড়াইলের লোহাগড়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ গত শনিবার ও গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫২ জনকে নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে।হরতালের সময়ে অনেক স্থানে সামান্য কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। হরতালের কারণে চরম দুর্ভোগে পড়ে ঈদ উপলক্ষে বাড়ির উদ্দেশে যাত্রা করা লোকজন।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বেলা ১১টার দিকে নগরের ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির সমাবেশ থেকে পুলিশ বিএনপির একজন কর্মীকে আটক করলে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে বিএনপির আরও দুই কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া নগরের গৌরহাঙ্গার মোড়ে পিকেটিং করার সময় দুপুর ১২টার দিকে পুলিশ একজন কর্মীকে আটক করে। এর আগে গত শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৭ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।সিলেট: ভোর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই পক্ষের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গত শনিবার দুপুরে নগরের সোবহানীঘাটে পাঁচ মিনিটে ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গতকাল ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে।বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জে হরতাল চলাকালে গাড়ি চলাচলে বাধা দেওয়ার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেল আটক করেছে। উপজেলার বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি মিছিল করেছে বিএনপি ও আওয়ামী লীগ।বরিশাল: শনিবার গভীর রাতে এবং গতকাল সকাল ছয়টায় নগরের কয়েকটি স্থানে গাড়ির টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বেলা একটার দিকে আদালতপাড়ায় মিছিল করতে চাইলে সেখান থেকে মহানগর যুবদলের সমাজসেবাবিষয়ক সহসম্পাদক আবদুর রহমানকে আটক করে পুলিশ। হরতালের সময় নগরের নথুল্লাবাদ বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার বাস না চললেও আন্তজেলা বাস চলাচল করেছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুর ১২টায় এবং রাতে পিকেটিং ও রিকশায় অগ্নিসংযোগের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরসহ ৩৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।বগুড়া: বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এবারের হরতালে অনেক নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। হাকিরমোড়সহ বেশ কিছু এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ফুলবাড়ী, মাটিডালি মোড় ও নওদাপাড়ায় পুলিশের ওপর ইটপাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পিকেটিং করায় শহরের বিভিন্ন স্থান থেকে গতকাল ছয়জনকে আটক করেছে পুলিশ।কিশোরগঞ্জ: সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ইটের আঘাতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হকসহ পুলিশের আট সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছোড়ে। লাঠির আঘাত ও পুলিশের ধাওয়ায় উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিনসহ অন্তত ১২ জন আহত হন। পুলিশ এ সময় বিএনপির সাতজন নেতা-কর্মীকে আটক করে।এদিকে হরতাল চলাকালে শহরের বিভিন্ন এলাকা থেকে ১২ জন পিকেটারকে আটক করে পুলিশ। অন্যদিকে কটিয়াদী উপজেলায় পুলিশের লাঠিপেটায় বিএনপির দুই নেতা আহত হন।কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম পাকুন্দিয়ায় সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন।ব্রাহ্মণবাড়িয়া: হরতালের সমর্থনে নেতা-কর্মীরা সকালে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন। সকাল সাড়ে আটটার দিকে শহরের দক্ষিণ কালীবাড়ী মোড়ে বিএনপির মিছিলে লাঠিপেটা করে পুলিশ। এ সময় দক্ষিণ কালীবাড়ী মোড় ও পাওয়ার হাউস রোডে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ছয়টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশ। পুলিশের লাঠিপেটায় পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও ত্রিপুরার সীমানায় রপ্তানির পণ্য খালাস শেষে ফিরে আসা খালি ট্রাকগুলো বন্দর থেকে বের হতে পারেনি। এ কারণে বন্দরে পণ্যবোঝাই ও খালি ট্রাকের জটলা লাগে।সকালে পৌর শহরে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। পুলিশের লাঠিপেটায় আখাউড়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিনসহ চার নেতা-কর্মী আহত হন। ঠাকুরগাঁও: হরতালের সমর্থকেরা সকাল থেকে চৌরাস্তাসহ ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেন। শহরে তাঁরা সংবাদপত্রবাহী দুটি গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।যশোর: বিএনপির নেতা-কর্মীরা গতকাল শহরের বকচর এলাকায় আট থেকে ১০টি যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক ভাঙচুর করে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ আওয়ামী লীগের ক্যাডারের মতো আচরণ করছে। কোনো রকম উসকানি ছাড়াই পুলিশ গত শনিবার ও গতকাল দলের ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে।হরতালে গতকাল বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। বেলা একটা পর্যন্ত ১৫০ ট্রাক পণ্য আমদানি এবং ১২৫ ট্রাক রপ্তানি হয়েছে। সিরাজগঞ্জ: হরতালের সমর্থনকারীরা সকালে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে টায়ার জ্বালান। ছাত্রদল শহরের এস এস রোডে খণ্ড খণ্ড মিছিল করে। ছাত্রদল ও বিএনপির কর্মীরা শহরের এস এস রোডে দুটি দোকান ভাঙচুর করেন। পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে। বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালের বিপক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের করেন।শনিবার সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করে সদর থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বিএনপির সমর্থক মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো।নোয়াখালী: বেলা ১১টার দিকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মাইজদী পৌরবাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে হরতালের পক্ষে মিছিল হয়েছে। সোনাইমুড়ীর বজরা এলাকায় গতকাল ছাত্রলীগের দুই নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন পিকেটাররা। এ ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হন।জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল হরতাল চলাকালে জেলা শহর থেকে একজন ও সোনাইমুড়ী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।শেরপুর: হরতালের সময় আইনশৃঙ্খলা ভঙ্গ করে ত্রাস সৃষ্টির অভিযোগে গতকাল জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি ফজলুল হকসহ ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।ভোলা: সকালে ভোলা ইলিশা সড়কে, ভোলা খেয়াঘাট সড়কে, ভোলা-চরফ্যাশন সড়কে পিকেটাররা টায়ার জ্বালিয়েছেন। খেয়াঘাট রুটে তিনখাম্বা এলাকায় তাঁরা একটি ট্রাক ভাঙচুর করেছেন এবং শহরে ঢোকার বিভিন্ন পথে রিকশাচালকদের মারধর করেছেন। দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকায় ঈদ উপলক্ষে ক্রেতা ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।এদিকে শনিবার রাতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে লাঠিপেটা করে পুলিশ। বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও পুলিশ। এতে অন্তত ৫০ জন আহত হয়।ভোলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, ইটের আঘাতে কর্মকর্তাসহ ছয় পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে এবং গতকাল বিএনপি ও ছাত্রদলের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাটে গতকাল হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলের সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত-আটটি ফাঁকা গুলি, ১৪-১৫টি রাবার বুলেট, ১৪-১৫টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।শনিবার রাতে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাদিউল হকসহ বিএনপি ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফেনী: সকাল থেকে হরতাল সর্মকেরা শহরে খণ্ড খণ্ড মিছিল করে। সাড়ে ১০টার দিকে শহরের ট্রাংক রোডে হরতালের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ইটপাটকেলের জবাবে পুলিশ অন্তত ১২টি ফাঁকা গুলি ছোড়ে এবং শহরের বিভিন্ন এলাকা থেকে ১৫ জন পিকেটারকে আটক করে। হরতালের সমর্থকেরা শহরের এস এস কে সড়কের রহমান মার্কেটের সামনে ও মহাসড়কে দুটি গাড়ি ভাঙচুর করেছেন।দিনাজপুর: হরতালের সমর্থনে গতকাল শহরে মিছিল হয়েছে। শহরে সামান্যসংখ্যক রিকশা ও সাইকেল এবং বিক্ষিপ্তভাবে মোটরসাইকেল চললেও ব্যক্তিগত গাড়িসহ ভারী কোনো যানবাহন চলেনি। শহরের বিভিন্ন মোড়ে রিকশা-সাইকেল ভাঙচুর এবং সড়ক অবরোধ করার চেষ্টা করায় পুলিশ শহরের বিভিন্ন মোড় থেকে ২২ জন পিকেটারকে আটক করেছে।হাকিমপুর (দিনাজপুর): হরতালের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার ঘণ্টা বন্ধ থাকার পর বেলা একটা থেকে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় আবার শুরু হয়। তবে সকাল থেকে বন্দরের পানামা পোর্টের ভেতরে পণ্য ওঠানো-নামানোসহ চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।জামালপুর: ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল নয়টার দিকে শহরের মেডিকেল রোডে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর ইমরুল হোসেনকে আটক করে পুলিশ। কিছুক্ষণ পর পুলিশ জেলা কৃষক দলের সহসভাপতি মাজেদুল ইসলামকে আটক করে। মিরসরাই (চট্টগ্রাম): সকালে মিরসরাইয়ের বারইয়াহাট পৌর এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে হামলা করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১১ জন নেতা-কর্মী আহত হন। হামলার প্রতিবাদে মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বিএনপির মিছিলে হামলার কথা অস্বীকার করেছেন।পটিয়া (চট্টগ্রাম): গতকাল বেলা সোয়া ১১টার দিকে পটিয়া উপজেলা ও পৌর বিএনপির মিছিল পুলিশের বাধা ও লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিএনপির পাঁচ-ছয়জন কর্মী আহত হন।দীঘিনালা (খাগড়াছড়ি): শনিবার রাতভর বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ দুজনকে গতকাল খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।লোহাগড়া (নড়াইল): শনিবার দিবাগত রাত দুইটার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বড় ব্রিজের পাশে রাখা বাসে আগুন ধরিয়ে দেন তিন-চারজন যুবক। এ ব্যাপারে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গতকাল হরতালের সময় পিকেটিংয়ের সময় পুলিশ বিএনপির সাত কর্মী ও সমর্থককে আটক করেছে।ত্রিশাল (ময়মনসিংহ): শনিবার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভের অভিযোগে ওই দিন রাতে ত্রিশাল উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিয়ামত আলী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামের ছোট ভাই জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ছাড়া গতকাল চাঁদপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চট্টগ্রামের ফটিকছড়ি, সিলেটের বিশ্বনাথ এবং গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৮ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।