বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ, ১৭ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে বাউল গানের আসরে সশস্ত্র হামলার প্রতিবাদে গতকাল বুধবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা দোষী ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করে মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে ‘বাউল ও বাউল গান’ রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে বাউলসম্রাটের বাসায় হামলায় মামলার আসামি দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়াসহ ১৭ জন গতকাল সুনামগঞ্জের আদালত থেকে জামিন নিয়েছেন। গতকাল বিকেল সাড়ে চারটায় সিলেটের কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী, শিক্ষক, সামাজিক সংগঠন ও বুদ্ধিজীবী মহলের উদ্যোগে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কবি শুভেন্দু ইমাম ও তুষার কর। মানববন্ধনে উপস্থিত ছিলেন উদীচী সিলেটের সভাপতি মোহাম্মদ আরশ আলী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন, সিপিবি জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সুপ্রিয় চক্রবর্তী, জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাংবাদিক আল-আজাদ, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মঈনুদ্দিন জালাল, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী, জাসদ মহানগরের সভাপতি জাকির আহমদ, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, সাবেক সভাপতি নিরঞ্জন দে প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে গানের আসরে সশস্ত্র হামলা আমাদের সাংস্কৃতিক চেতনার ওপর আঘাত। এটা বাঙালি সংস্কৃতির ওপর হামলা। সুরের সঙ্গে অসুরের এই লড়াইকে শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষকে এক হয়ে মোকাবিলা করতে হবে। যাঁরা বাংলার লোকায়ত সংস্কৃতিকে ভালোবাসেন, যাঁরা বাউলসম্রাট আবদুল করিমকে ভালোবাসেন তাঁদের অবশ্যই এই সশস্ত্র হামলার প্রতিবাদ করা উচিত। বক্তারা আরও বলেন, বাউলসম্রাট শুধু একজন ব্যক্তি নন, তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে একজন বিরাট পুরুষ। তাঁর বাড়িতে বাউল গানের আসরে সশস্ত্র হামলার ঘটনায় প্রশাসন এবং সংশ্লিষ্টদের গাফিলতি কোনোভাবেই কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী, শিক্ষক ও বুদ্ধিজীবীরা মেনে নেবেন না।আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে সুনামগঞ্জে সৈয়দ তফাজ্জুল হাসানের আদালতে ইউপি সদস্য লাল মিয়াসহ ১৭ জন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে বাউলসম্রাটের নিজ উপজেলার দিরাইয়ের স্মৃতিসৌধ প্রাঙ্গণে শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদ এবং আবদুল করিম সংস্কৃতি ও সেবা পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গীতিকার গীরিবান প্রসাদ রায়, বাউল বশিরউদ্দিন সরকার, সাংবাদিক একে কুদরত পাশা, আবু হানিফ চৌধুরী, শাহজাহান মাহমুদ, জিয়াউর রহমান, শাহরিয়ার হাসান, কবি নজরুল ইসলাম রানা, শাহ আবদুল করিম সংস্কৃতি ও সেবা পরিষদের পরিচালক আপেল মাহমুদ, মনিমালা খেলাঘর আসরের সভাপতি শমীরন রায়, সাধারণ সম্পাদক প্রদীপ দে, চিত্রকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান, তরুণ বাউল সংঘের সভাপতি বাদল মিয়া, দুলদুল চৌধুরী প্রমুখ। এদিকে সশস্ত্র হামলার বিষয়টি সরেজমিনে তদন্ত করতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ গতকাল বেলা ১১টার দিকে বাউলসম্রাটের বাড়িতে উপস্থিত হন। তদন্ত শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায় সাড়ে চার ঘণ্টা বাউলসম্রাটের বাড়িতে ছিলাম। এ সময় গ্রামের বিভিন্নজনের সঙ্গে আলাপ করে ঘটনার সত্যতা পেয়েছি এবং দুর্বৃত্তদের হামলায় বাউলসম্রাটের বাড়ির ভাঙচুরকৃত আসবাবপত্রের নমুনা সংগ্রহ করেছি।’ ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, দুপুরে ধরমপাশা সাহিত্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, জলধারা সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক সালেহ আহমদ প্রমুখ। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, বাউল ঐক্য পরিষদ বিকেল চারটার দিকে উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়িতে প্রতিবাদ সভা করে। সংগঠনের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন বাউল দেওয়ান আহমেদ জুলকারনাইন, সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার মণি, শিক্ষক প্রিন্স মির্জা এনামুক হক, গোলাম রব্বানী, বাউল মোশাহিদ প্রমুখ। এ সময় উপজেলার সাংস্কৃতিক সংগঠন ‘নির্মাণ ফাউন্ডেশন’ প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে।