বিভিন্ন স্থানে বিদেশিদের নিরাপত্তায় সতর্ক পুলিশ
কয়েক দিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা গ্রহণ করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ব্যক্তিগত চলাচলের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত সোমবার রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন ইতালির নাগরিক সিজার তাবেলা। এ হত্যার রেশ কাটতে না-কাটতেই গত শনিবার রংপুরের আলুটারি গ্রামে একই কায়দায় খুন হন জাপানের কুনিও হোশি।
বিদেশিদের বাড়তি পুলিশি নিরাপত্তা নিয়ে প্রথম আলোর আঞ্চলিক অফিস ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুরের পার্বতীপুরে তিনটি সরকারি প্রতিষ্ঠান ও দুটি বেসরকারি সংগঠনে (এনজিও) কর্মরত ১১ দেশের ৩১৪ জন নাগরিকের নিরাপত্তায় তাঁদের কর্মস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলায় জোরদার করা হয়েছে পুলিশি টহল। এই বিদেশিদের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনের ২৪৩ জন ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ২১ জন এবং পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে বিভিন্ন দেশের ৪১ জন ও মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ইউক্রেনের চারজন কর্মরত।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় বিদেশিদের নিরাপত্তায় গত শনিবার সন্ধ্যা থেকে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈশ্বরদীতে ১০৩ বিদেশি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাঁদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪৭ জন রুশ এবং ঈশ্বরদী ইপিজেডে বিভিন্ন দেশের ৫২ জন নাগরিক রয়েছেন। পুলিশ জানায়, বিদেশিদের কর্মস্থল ও আবাসস্থলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আনসার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচটি মোবাইল টিম উপজেলায় সার্বক্ষণিক টহল দিচ্ছে।
যশোর বিমানবন্দর দিয়ে গতকাল রোববার ১৭ জন বিদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। এ ছাড়া যশোরে অবস্থানরত আরও ১৭ জন নাগরিককে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রকল্পের চারজন জাপানি নাগরিক পুলিশি প্রহরায় গতকাল চৌগাছার একটি গ্রামে কাজ করেছেন।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা প্রকৌশলীসহ পাঁচ বিদেশির জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিদেশিদের নিরাপত্তা সমস্যা নেই: বার্তা সংস্থা বাসস জানায়, পদ্মা সেতু নির্মাণকাজে নিয়োজিত বিদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভবিষ্যতেও তাঁদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। সেনাবাহিনী, পুলিশ ও নৌ পুলিশ তাঁদের নিরাপত্তায় কাজ করছে।
গতকাল রোববার মুন্সিগঞ্জের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হল রুমে বিদেশিদের নিরাপত্তা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।