বিভিন্ন স্থানে বিদ্যুৎ কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করা হয়েছে। শনিবার রাতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ দেখতে না পেরে বিক্ষুব্ধ লোকজন এ হামলা চালান। কয়েকটি স্থানে বিদ্যুৎ কার্যালয়ের কয়েকজন কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। কিছু স্থানে লোডশেডিং কমানো এবং বিদ্যুৎ সরবরাহের দাবিতে কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা দেখতে না পেরে শনিবার রাত সাড়ে নয়টায় বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে রাজবাড়ী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সুইচ রুমসহ কর্মকর্তাদের বাসভবন ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের আসবাব, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে পাঁচ-ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। নীলফামারী: শনিবার খেলা শুরু হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন রাত আটটায় পিডিবির নীলফামারীর কুখাপাড়া উপকেন্দ্রে হামলা চালিয়ে ওই কেন্দ্রের নিরাপত্তা প্রহরী রশিদুল ইসলামের পা ভেঙে দেয়। একইভাবে জেলার জলঢাকা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। মাদারীপুর: সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যানকে শনিবার বিকেলে স্থানীয় লোকজন মারধর করে। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাঁদের ছাড়িয়ে আনেন।গাইবান্ধা: বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খেলা দেখতে না পারায় আর্জেন্টিনার সহস্রাধিক সমর্থক শনিবার রাত আটটা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর জাতীয় গোবিন্দগঞ্জ এলাকার মহাসড়ক অবরোধ করে রাখে। রাত সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ সমর্থকেরা গোবিন্দগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। জয়পুরহাট: গত শনিবার রাত আটটায় খেলা শুরু হওয়ার এক মিনিট আগে বিদ্যুৎ চলে গেলে জনতা খনজনপুর বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। পরে তারা শহরের প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। সুনামগঞ্জ: বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দারা শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করেছে। এ সময় তারা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে রাখে। আবাসিক প্রকৌশলী সৈয়দ মান্নান বলেন, নতুনপাড়ার ট্রান্সফরমারটি বিকল থাকায় সেখানে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): খেলা দেখতে না পেরে আর্জেন্টিনার দুই শতাধিক সমর্থক উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার পিডিবির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। মির্জাপুর (টাঙ্গাইল): লোডশেডিং কমানোর দাবিতে শনিবার বেলা ১০টায় মির্জাপুর উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির দুই শতাধিক সদস্য উপজেলা সদরের পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে। দুপুর ১২টায় ওই কার্যালয়ের ডিজিএম খেলার সময় বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে তারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): খেলা দেখতে না পেরে শনিবার রাতে বিক্ষুব্ধ জনতা আঠারবাড়ি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর করে ও উপস্থিত লোকজনকে লাঞ্ছিত করে। এ ছাড়াও রাত আটটায় উপজেলার কাকনহাটি, খৈয়রাটি, জয়পুর, চরহোসেনপুর, ধানদি ও সৈয়দবাকুরি গ্রাম থেকে ঈশ্বরগঞ্জ সদরে এসে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে। নওগাঁ: খেলা দেখতে না পেরে নওগাঁর সাপাহার উপজেলার বিক্ষুব্ধ লোকজন শনিবার রাত নয়টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। গজারিয়া (মুন্সিগঞ্জ): খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ জনতা গজারিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করে। এ ছাড়াও তারা ওই কার্যালয়ের পাশের একটি বাড়িতে ভাড়াটে হিসেবে থাকা ডিজিএম, এজিএম (কম), জুনিয়র প্রকৌশলী ও বিলিং সুপারভাইজারের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এ বিষয়ে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।