বিভিন্ন স্থানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’—এ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা জেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সহকারী পরিচালক শেক সাদী, সহকারী কমিশনার রোসলিনা পারভিন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার হুমায়ুন কবীর, বণিক সমিতির ভাইস চেয়ারম্যান রহমত আলী, জেলা ক্যাব সভাপতি মানিক চৌধুরী প্রমুখ। পরে ভিডিও শো প্রদর্শন করা হয়।
পঞ্চগড়: দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের, আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শামরোজ খান, পঞ্চগড় চেম্বারের সহসভাপতি খাদেমুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আবদুল আলীম।
বিরামপুর (দিনাজপুর): দিবসটি উপলক্ষে নিজস্ব দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে যৌথভাবে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন, দিনাজপুরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর। দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া, বণিক সমিতির সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। এ ছাড়া নবাবগঞ্জ ও বীরগঞ্জেও দিবসটি পালিত হয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে কর্মশালা হয়। উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) সারওয়ার মোর্শেদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম। আরও বক্তব্য দেন চিকিৎসক আবদুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, মহিলাবিষয়ক কর্মকর্তা সাকিলা বিনতে শরীফ প্রমুখ।