বিভিন্ন স্থানে মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ৩১টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের জুড়ীতে কানাডাপ্রবাসীর বাড়িতে মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা এবং পটুয়াখালীতে মন্দিরের তালা ভেঙে চুরি হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: গত সোমবার রাতে দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের শিবমন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ২৩টি মূর্তি ভাঙচুর করেছে। মন্দিরের পুরোহিত জয় গোপাল জানান, সোমবার রাত নয়টা পর্যন্ত তিনি মন্দিরে ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা মন্দিরে ভাঙচুরের বিষয়টি টের পান।স্থানীয় সাংসদ আবদুল মান্নান, ঝিনাইদহের জেলা প্রশাসক খাজা আবদুল হান্নান, পুলিশ সুপার আলতাফ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গোপালগঞ্জ: গত সোমবার রাতে কোটালীপাড়া উপজেলার কাফুলাবাড়ী গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের ছয়টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মধু জানান, গতকাল সকালে মন্দিরে ভাঙচুরের বিষয়টি টের পেয়ে তিনি স্থানীয় রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন বালাকে তা জানান।খোকন বালা বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা বের করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলাকার মুসলমানদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আসল ঘটনা প্রশাসনের লোক তদন্ত করে বের করবে বলে আমার প্রত্যাশা।’ময়মনসিংহ: গত রোববার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে একটি মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বিষয়টি টের পাওয়া যায়।মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কান্তি গোপ জানান, এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে। জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হামিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জুড়ী (মৌলভীবাজার): গত সোমবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা কানাডাপ্রবাসী পীযূষ দাশের বাড়িতে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের চারপাশে খড় বিছিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে পীযূষের ছোট ভাই পলাশ দাশ বিষয়টি টের পান। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভালে মন্দিরটি রক্ষা পায়। আগুন দেওয়ার ঘটনায় পুলিশ গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের রত্নেশ্বর দাসের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে গত সোমবার রাতে চুরি হয়েছে। চোরেরা মন্দিরের দরজার তালা ভেঙে পিতলের মদনমোহন বিগ্রহ ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।রত্নেশ্বর দাস জানান, গতকাল ভোরে মন্দিরে পূজা অর্চনা করতে গিয়ে তাঁরা চুরির বিষয়টি টের পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।