বিভিন্ন স্থানে মা-মেয়েসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এর আগে গত সোমবার নাটোরের লালপুর ও মাদারীপুরের শিবচরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাট সদর থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ জানান, মংলা থেকে বাগেরহাট বাস টার্মিনালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাথাভাঙ্গা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন মহিলা বাসযাত্রী নিহত হন, আহত হয় ১৫ জন। আহত ব্যক্তিদের বাগেরহাট ও ফকিরহাটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা বেঁচে যাওয়া পাঁচ বছরের শিশু মেঘলার কাছ থেকে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও ঠিকানা জানা যায়নি। তাঁরা হলেন পারভীন বেগম (৪০) ও তাঁর মেয়ে রুমা আক্তার (২০)।লালপুর (নাটোর): লালপুর-বনপাড়া সড়কের লালপুরের তোফাকাটা নামক স্থানে বাস ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে সাবেক এক সেনাসদস্য নিহত ও আটজন আহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজিমুদ্দিন (৩০)। তাঁর বাড়ি উপজেলার বড়ময়না গ্রামে।শিবচর (মাদারীপুর): শিবচর-চান্দেরচর সড়কের শিবচর পৌর এলাকার বেইলি ব্রিজসংলগ্ন কেরানীবাট নামক স্থানে গত সোমবার রাতে টেম্পোর চাপায় মো. তানজিল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। তানজিল উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের প্রবাসী মো. ইমরান হোসেনের একমাত্র ছেলে।