আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁদপুর: সকালে মানববন্ধনে মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাক, আশা, আত্মনিবেদিতা মহিলা সংস্থা, জাতীয় মহিলা সংস্থা, পল্লি মহিলা উন্নয়ন সংস্থার দুই শতাধিক নারী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জেবুন্নেছা বেগম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী মাসুদা নুর ও মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): পৌর শহরের স্বাধীনতা চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন, পৌরসভার নারী কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।
কেন্দুয়া (নেত্রকোনা): জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহে আলম, পৌর মেয়র প্রশান্ত রায়, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, নারী প্রগতি সংঘের জেলা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান পাঠান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহেনা সিদ্দিকী প্রমুখ।
এতে নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ব্র্যাক, সুশাসনের জন্য প্রচারাভিযান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্থাসহনানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।