বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সিলেটের শিশু সামিউল আলমকে (রাজন) চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি চলছে। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের স্বাধীনতা চত্বরে চাঁদের হাট সংগঠনের জেলা শাখার উদ্যোগে আধা ঘণ্টার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জয়পুরহাটের জামালগঞ্জ বাজারের জেটিসি তিনমাথা মোড়ে সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে অংশগ্রহণকারীরা সামিউল হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বেলা ১১টায়। সান্তাহার আপ্রকাশি সংস্থা, মাসিক আপ্রকাশি পত্রিকা ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাসিক আপ্রকাশি সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন আপ্রকাশি সংস্থার নির্বাহী পরিচালক এস এম জুয়েল, পৌরসভার সাবেক মেয়র গোলাম মোরশেদ প্রমুখ।